নতুন ল্যাপটপ কেনার পর প্রথমদিকে ব্যাটারির চার্জ বেশ ভালো থাকে। একবার চার্জ দিলে কয়েক ঘণ্টা নিশ্চিন্তে কাজ করা যায়। কিন্তু কিছুদিন বা কয়েক বছর ব্যবহারের পর দেখা যায়, আগের মতো আর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে না। অল্প সময়ের মধ্যেই চার্জ শেষ হয়ে যায়। ফলে বাইরে কোথাও ল্যাপটপ নিয়ে গেলে সঙ্গে চার্জার রাখাটা প্রায় বাধ্যতামূলক হয়ে পড়ে।
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধারণক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যাওয়া স্বাভাবিক। তবে ব্যবহারের কিছু ভুল অভ্যাসের কারণে এই সমস্যা আরও দ্রুত দেখা দিতে পারে। যেমন অতিরিক্ত গরম অবস্থায় ল্যাপটপ ব্যবহার করা, সব সময় পূর্ণ চার্জে রাখা কিংবা নিম্নমানের চার্জার ব্যবহার করা।
তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারির আয়ু দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। তাই এই লেখায় ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার ১০টি কার্যকর উপায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি Windows ল্যাপটপের ব্যাটারি হেলথ পরীক্ষা এবং চার্জিং সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্যও জানতে পারবেন।
১. নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ পরীক্ষা করুন
ল্যাপটপের ব্যাটারি ভালো আছে কি না, তা জানার জন্য মাঝেমধ্যে Battery Health পরীক্ষা করা প্রয়োজন। কারণ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার আগেই এর চার্জ ধারণক্ষমতা কমতে শুরু করতে পারে। নিয়মিত পরীক্ষা করলে ব্যাটারির বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
Windows ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই Command Prompt থেকে ব্যাটারি রিপোর্ট তৈরি করতে পারবেন।
Windows এ Battery Report তৈরির নিয়ম :
- Start Menu থেকে Command Prompt খুঁজে বের করুন।
- এর ওপর মাউসের ডান বাটনে ক্লিক করে Run as administrator নির্বাচন করুন।
- কমান্ডটি লিখে Enter চাপুন।
powercfg /batteryreport - কিছুক্ষণের মধ্যে একটি Battery Report তৈরি হবে।
- Command Prompt এ রিপোর্টের ফাইলের অবস্থান দেখানো হবে।
- ফাইলটি ব্রাউজারে খুললেই ব্যাটারির বিভিন্ন তথ্য দেখতে পারবেন।
রিপোর্টে Design Capacity, Full Charge Capacity এবং Battery Usage History এর মতো তথ্য পাওয়া যাবে। এই তথ্যগুলো দেখে ব্যাটারির বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। অন্যদিকে MacBook ব্যবহারকারীরা System Settings এর Battery বিভাগ থেকে Battery Health পরীক্ষা করতে পারবেন।
২. ভারী কাজ করার সময় চার্জার সংযুক্ত রাখুন
ল্যাপটপে গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন কিংবা ভারী সফটওয়্যার ব্যবহারের সময় ব্যাটারির চার্জ দ্রুত কমে যায়। কারণ এসব কাজের সময় প্রসেসর ও অন্যান্য যন্ত্রাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ফলে অল্প সময়ের মধ্যেই চার্জ শেষ হওয়ার সম্ভাবনা থাকে।
এ ধরনের কাজ করার সময় উপযুক্ত চার্জার সংযুক্ত রাখা ভালো। এতে ল্যাপটপ প্রয়োজনীয় বিদ্যুৎ চার্জার থেকে ব্যবহার করতে পারে এবং ব্যাটারির ওপর নির্ভরতা কমে। তবে চার্জার লাগিয়ে ব্যবহার করার পাশাপাশি ল্যাপটপের তাপমাত্রার দিকেও নজর রাখা প্রয়োজন। আপনার ল্যাপটপে Battery Conservation বা Charge Limit সুবিধা থাকলে সেটি ব্যবহার করতে পারেন।
৩. ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করুন
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার ক্ষেত্রে তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত গরম পরিবেশে দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করলে ব্যাটারির স্বাভাবিক কার্যক্ষমতা দ্রুত কমে যেতে পারে। বিশেষ করে বিছানা, বালিশ কিংবা নরম কাপড়ের ওপর ল্যাপটপ রেখে কাজ করলে নিচের বাতাস চলাচলের জায়গা বন্ধ হয়ে যায়। এতে ল্যাপটপের ভেতরে তাপ জমতে পারে।
ল্যাপটপ ঠান্ডা রাখতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন:
- সব সময় শক্ত ও সমতল জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন।
- ল্যাপটপের নিচের বাতাস চলাচলের জায়গা খোলা রাখুন।
- সরাসরি রোদে ল্যাপটপ ব্যবহার করা এড়িয়ে চলুন।
- দীর্ঘ সময় ভারী কাজ করলে প্রয়োজন অনুযায়ী বিরতি দিন।
- ল্যাপটপের ফ্যান ও বাতাস বের হওয়ার জায়গা পরিষ্কার রাখুন।
- প্রয়োজন হলে ভালো মানের Cooling Pad ব্যবহার করুন।
ল্যাপটপের তাপমাত্রা স্বাভাবিক রাখলে শুধু ব্যাটারি নয়, প্রসেসর ও অন্যান্য যন্ত্রাংশের কার্যক্ষমতা বজায় রাখতেও সহায়তা পাওয়া যায়।
৪. ব্যাটারির চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন
ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য চার্জ দেওয়ার নিয়মের দিকে নজর দেওয়া প্রয়োজন। Lithium-ion ব্যাটারির ক্ষেত্রে দীর্ঘ সময় সম্পূর্ণ চার্জে কিংবা একেবারে কম চার্জে রাখা এড়িয়ে চলা ভালো। তাই দৈনন্দিন ব্যবহারের সময় সম্ভব হলে ব্যাটারির চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন।
অনেক আধুনিক ল্যাপটপে Battery Charge Limit বা Smart Charging সুবিধা রয়েছে। এই সুবিধা চালু করলে ব্যাটারি নির্দিষ্ট মাত্রার বেশি চার্জ হওয়া থেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে বাইরে যাওয়ার আগে প্রয়োজন হলে ল্যাপটপ ১০০% চার্জ করতেও সমস্যা নেই। মূল বিষয় হলো অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় পূর্ণ চার্জে না রাখা।
৫. দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার না করলে ৫০% চার্জে রাখুন
অনেক সময় কাজের ব্যস্ততা কিংবা অন্য কোনো কারণে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ল্যাপটপ ব্যবহার করা হয় না। এমন অবস্থায় ল্যাপটপ বন্ধ করে রাখার আগে ব্যাটারির চার্জের দিকে নজর দেওয়া উচিত।
দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার না করলে ব্যাটারির চার্জ প্রায় ৫০% রেখে সম্পূর্ণ বন্ধ করে দিন। এরপর ল্যাপটপটি শুষ্ক ও স্বাভাবিক তাপমাত্রার জায়গায় সংরক্ষণ করুন। দীর্ঘ সময় ১০০% চার্জে অথবা একেবারে চার্জশূন্য অবস্থায় ব্যাটারি রেখে দেওয়া ভালো অভ্যাস নয়।
যদি কয়েক মাস ল্যাপটপ ব্যবহার না করেন, তাহলে মাঝেমধ্যে ব্যাটারির চার্জ পরীক্ষা করুন। প্রয়োজনে আবার প্রায় ৫০% চার্জে নিয়ে আসুন। এতে দীর্ঘদিন সংরক্ষণের সময় ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো সম্ভব হবে।
৬. ব্যাটারি কমে গেলে Battery Saver চালু করুন
ল্যাপটপের চার্জ যখন কমে আসে এবং আশপাশে চার্জ দেওয়ার সুযোগ থাকে না, তখন Battery Saver বা Power Saving Mode বেশ কাজে আসে। এই সুবিধা চালু করলে Windows কিছু ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করে এবং বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা করে। ফলে ব্যাটারির চার্জ তুলনামূলক বেশি সময় ধরে ব্যবহার করা যায়।
Windows 11 ব্যবহারকারীরা Settings থেকে System এবং এরপর Power & battery বিভাগে গিয়ে Battery Saver চালু করতে পারবেন। বাইরে কাজ করার সময় কিংবা চার্জারের ব্যবস্থা না থাকলে এই সুবিধাটি ব্যবহার করুন। এতে প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য অতিরিক্ত কিছু সময় পাওয়া যেতে পারে।
৭. ভালো মানের চার্জার ও ব্যাটারি ব্যবহার করুন
ল্যাপটপের চার্জার কিংবা ব্যাটারি নষ্ট হয়ে গেলে নতুন পণ্য কেনার প্রয়োজন হতে পারে। এ সময় শুধু কম দাম দেখে চার্জার বা ব্যাটারি কেনা উচিত নয়। কারণ সব চার্জার ও ব্যাটারি আপনার ল্যাপটপের জন্য উপযুক্ত নয়। ভুল স্পেসিফিকেশনের চার্জার ব্যবহার করলে ল্যাপটপের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
নতুন চার্জার বা ব্যাটারি কেনার আগে কয়েকটি বিষয় যাচাই করুন:
- আপনার ল্যাপটপের মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
- প্রয়োজনীয় ভোল্টেজ ও পাওয়ার স্পেসিফিকেশন ঠিক আছে কি না।
- প্রস্তুতকারক বা বিক্রেতা নির্ভরযোগ্য কি না।
- পণ্যের ওয়ারেন্টি রয়েছে কি না।
সম্ভব হলে ল্যাপটপের প্রস্তুতকারকের অনুমোদিত চার্জার ও ব্যাটারি ব্যবহার করুন। এতে অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সহজ হবে।
৮. স্ক্রিনের উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখুন
ল্যাপটপের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে স্ক্রিনের উজ্জ্বলতাও একটি কারণ হতে পারে। অনেকেই ঘরের ভেতরে কিংবা কম আলোতে কাজ করার সময়ও স্ক্রিনের উজ্জ্বলতা সর্বোচ্চ করে রাখেন। এতে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ হতে পারে।
তাই কাজের পরিবেশ অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা ঠিক করে নিন। দিনের আলোতে যতটুকু প্রয়োজন, ততটুকুই রাখুন। রাতে বা কম আলোতে কাজ করার সময় উজ্জ্বলতা আরও কমিয়ে নিতে পারেন। এতে চোখের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানোর পাশাপাশি ব্যাটারির চার্জও কিছুটা সাশ্রয় হবে।
৯. অপ্রয়োজনীয় অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বন্ধ রাখুন
অনেক সময় আমরা ল্যাপটপে একসঙ্গে অনেক অ্যাপ ও সফটওয়্যার চালু রাখি। কাজ শেষ হওয়ার পরও সেগুলোর কিছু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে প্রয়োজন না থাকলেও ল্যাপটপের প্রসেসর, মেমোরি ও অন্যান্য যন্ত্রাংশ কাজ করতে থাকে। এতে ব্যাটারির চার্জও দ্রুত কমতে পারে।
যেসব অ্যাপ ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় Startup Apps বন্ধ রাখুন এবং প্রয়োজন ছাড়া Bluetooth বা অন্যান্য সংযোগ চালু রাখবেন না। Windows এর Task Manager থেকে কোন অ্যাপ বেশি বিদ্যুৎ ব্যবহার করছে, সেটিও পরীক্ষা করতে পারবেন।
এভাবে অপ্রয়োজনীয় কাজ কমিয়ে রাখলে ব্যাটারির চার্জ কিছুটা বেশি সময় ব্যবহার করা সম্ভব হবে।
১০. ল্যাপটপের Sleep ও Power Settings সঠিকভাবে ব্যবহার করুন
অনেকেই ল্যাপটপে কাজ শেষ করে শুধু ঢাকনা বন্ধ করে রেখে দেন। এতে ল্যাপটপ Sleep অবস্থায় চলে গেলেও কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বিদ্যুৎ ব্যবহার হতে পারে। ফলে ব্যবহার না করার সময়ও ব্যাটারির চার্জ কমে যেতে পারে।
তাই প্রয়োজন অনুযায়ী Windows এর Sleep ও Power Settings ঠিক করে নিন। অল্প সময়ের জন্য বিরতি নিলে Sleep ব্যবহার করতে পারেন। আর দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার না করলে সম্পূর্ণ Shut down করে রাখাই ভালো। ল্যাপটপের Power Mode ও প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন।
বিশেষ করে রাতে বা কয়েক ঘণ্টার জন্য ল্যাপটপ ব্যবহার না করলে সেটি সম্পূর্ণ বন্ধ করে রাখার অভ্যাস গড়ে তুলুন। এতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ এড়ানো সহজ হবে।
ল্যাপটপের ব্যাটারি কি সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়?
হ্যাঁ, ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তার চার্জ ধারণক্ষমতা হারায়। বর্তমানে অধিকাংশ ল্যাপটপে Lithium-ion অথবা Lithium-polymer ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারির ভেতরের রাসায়নিক পরিবর্তনের কারণে ব্যবহারের সময় ধীরে ধীরে কার্যক্ষমতা কমতে থাকে।
ধরুন, নতুন অবস্থায় আপনার ল্যাপটপ একবার চার্জ দিলে ৬ ঘণ্টা ব্যবহার করতে পারতেন। কিন্তু কয়েক বছর পর একই ব্যাটারিতে হয়তো ৪ ঘণ্টা বা তারও কম সময় ব্যবহার করতে হতে পারে। তবে এটি নির্ভর করে ল্যাপটপের মডেল, ব্যাটারির মান, ব্যবহারের ধরন এবং পরিবেশের ওপর।
সঠিক নিয়মে ব্যবহার করলেও ব্যাটারির স্বাভাবিক ক্ষয় পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে নিয়মিত যত্ন নিলে এই ক্ষয়ের গতি কিছুটা কমানো সম্ভব। ব্যাটারি ফুলে যাওয়া, অস্বাভাবিক গরম হওয়া কিংবা চার্জ দিতে সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করে অভিজ্ঞ টেকনিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে যা মনে রাখবেন
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। প্রতিদিনের ব্যবহারে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো সম্ভব। নিয়মিত ব্যাটারি হেলথ পরীক্ষা করুন, ল্যাপটপ অতিরিক্ত গরম হতে দেবেন না এবং চার্জের মাত্রার দিকে খেয়াল রাখুন।
পাশাপাশি অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা, স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা এবং ভালো মানের চার্জার ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, কোনো ব্যাটারি আজীবন নতুনের মতো থাকে না। তবে সঠিক নিয়মে ল্যাপটপ ব্যবহার করলে দীর্ঘদিন ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা বাড়বে।